দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মাণাধীন প্রধান ফটক ভেঙে চাপা পড়ে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকার বিসিক শিল্পনগরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল (২৭) মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, বিসিকের প্রধান ফটকের উপরের অংশে ঢালাইয়ের কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পরপরই হঠাৎ কাঠামো ধসে পড়ে পাঁচজন শ্রমিক চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাণ শ্রমিক খোকন মিয়া বলেন, ঢালাই চলাকালে হঠাৎ ফটক ভেঙে পড়ে কয়েকজন চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। ধ্বংসস্তূপে আর কেউ আটকা নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
বিসিক কিশোরগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, ঝড়বৃষ্টির কারণে ঢালাই না দেওয়ার নির্দেশ থাকলেও তা উপেক্ষা করে কাজ শুরু করা হয়। বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এমএস/